RSS

Category Archives: হাঁস

স্পাইসি ডাক টমেটো কারি

উপকরণ : হাঁস ১টি, পেঁয়াজ কুচি ১ কাপ, টমেটো কুচি ৩টি, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ চা চামচ, হলুদগুঁড়ো আধা চা চামচ, মরিচগুঁড়ো ২ চা চামচ, জিরাগুঁড়ো ১ চা চামচ, তেজপাতা ২টি, গোলমরিচ ও লবঙ্গ ৫টি, তেল আধা কাপ, লবণ ১ চা চামচ, চিনি ১ চিমটি।

যেভাবে তৈরি করবেন
১. সব মসলা দিয়ে মাংস মাখিয়ে রাখুন ৩০ মিনিট।
২. তেলে পেঁয়াজ বাদামি করে ভেজে মাংস অল্প আঁচে কষান। পানি শুকিয়ে তেল ওপরে উঠলে টমেটো দিন।
৩. বেশি আঁচে ভাজা ভাজা করে রান্না করুন। তাওয়ার ওপর অল্প আঁচে রাখতে পারেন।
৪. নামানোর আগে জিরা, কাঁচামরিচ ও চিনি দিন। পোলাওয়ের সঙ্গে পরিবেশন করুন।

রেসিপিটি প্রকাশিত হয় ২৮ ফেব্রুয়ারি ২০১১

 
Leave a comment

Posted by চালু করুন জুন 4, 2012 in মাংসের নানা পদ, হাঁস

 

হাঁসের ঝাল মাংস

উপকরণ : হাঁস ১টি, পেঁয়াজ কুচি ২ কাপ, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ২ চা চামচ, মরিচগুঁড়ো ২ চা চামচ, এলাচ ৪টি, দারুচিনি ৩ টুকরা, কাঁচামরিচ ৬টি, আস্ত শুকনো মরিচ ৩টি, তেল আধা কাপ, জিরাগুঁড়ো ১ চা চামচ, লবণ ২ চা চামচ, জায়ফল গুঁড়ো এক চিমটি।

যেভাবে তৈরি করবেন
১. পেঁয়াজ তেলে বাদামি করে ভেজে সব মসলা দিয়ে কিছুক্ষণ কষিয়ে একটু পানি দিয়ে আরো কষান।
২. এরপর মাংস ও লবণ দিন। মৃদু আঁচে মাংস ভালোমতো কষিয়ে তেল ওপরে উঠলে মাংসে গরম পানি দিন।
৩. মাংস সিদ্ধ হয়ে ঝোল মাখা মাখা হলে কাঁচামরিচ ও জিরাগুঁড়ো দিয়ে কিছুক্ষণ রেখে দিন।
৪. গরম ভাত বা রুটি দিয়ে পরিবেশন করুন।

রেসিপিটি প্রকাশিত হয় ২৮ ফেব্রুয়ারি ২০১১

 
Leave a comment

Posted by চালু করুন জুন 4, 2012 in মাংসের নানা পদ, হাঁস

 

নারিকেল দুধে হাঁসের মাংস

উপকরণ : হাঁস ২টি, নারিকেল বাটা ২ কাপ, আদা বাটা ২ চা চামচ, রসুন বাটা ১ টেবিল চামচ, জিরাগুঁড়ো ১ চা চামচ, পেঁয়াজ কুচি ১ কাপ, পোস্ত বাটা আধা চা চামচ, মরিচ গুঁড়ো ১ চা চামচ, গরম মসলা গুঁড়ো ১ চা চামচ, তেল আধা কাপ, তেজপাতা ৩টি, লবণ ১ চা চামচ, হলুদগুঁড়ো আধা চা চামচ, চিনি আধা চা চামচ, ঘি ১ টেবিল চামচ।

যেভাবে তৈরি করবেন
১. মাংস মাঝারি ধরনের টুকরো করে ধুয়ে পানি ঝরিয়ে লবণ ও মরিচ দিয়ে মাখিয়ে রাখুন।
২. তেল গরম হলে পেঁয়াজ বাদামি করে ভেজে তেজপাতা ও সব মসলা দিয়ে কিছুক্ষণ কষান।
৩. নারিকেল বেটে গরম পানিতে দুধ করে নিন। মাংসের পানি শুকিয়ে তেল ওপরে উঠলে নারিকেল দুধ দিন।
৪. ঢেকে মাঝারি আঁচে রান্না করুন। মাংস সিদ্ধ হয়ে ঝোলমাখা হলে জিরাগুঁড়ো ও ঘি দিয়ে নামিয়ে ফেলুন।

রেসিপিটি প্রকাশিত হয় ২৮ ফেব্রুয়ারি ২০১১

 
Leave a comment

Posted by চালু করুন জুন 4, 2012 in মাংসের নানা পদ, হাঁস

 

হাঁসের রোস্ট

উপকরণ : হাঁস ১টি (মাঝারি সাইজের), রসুন ৪ কোয়া, পিঁয়াজ মোটা করে কাটা ২টি, এলাচ ২টি, দারুচিনি ২টি, লবঙ্গ ৪টি, গোলমরিচ ৪টি, লবণ সামান্য, গাজর মোটা করে কাটা ৪-৫ টুকরা।

প্রণালী : হাঁস ভালো করে ধুয়ে পরিষ্কার করে লোম উঠিয়ে চুলায় পোড়া দিয়ে নিতে হবে। এবার পেটের ভেতর খুব ভালো করে পরিষ্কার করে উপরের সব উপকরণ হাঁসের পেটের মধ্যে ভরে মুখ ভালো করে বন্ধ করে দিতে হবে। এবার কাটা চামচ দিয়ে কুচিয়ে লবণ, ১ চা চামচ আদা বাটা, ১ টেবিল চামচ রসুন বাটা ও শুকনা মরিচ গুঁড়া দিয়ে মাখিয়ে ২-৩ ঘণ্টা রাখতে হবে। এবার কড়াইয়ে তেল দিয়ে একটু লালচে রং করে ভেজে উঠিয়ে নিতে হবে।

রোস্টের উপকরণ : আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, জিরা বাটা ১ চা চামচ, পিয়াজ বাটা ১ টেবিল চামচ, জায়ফল গুঁড়া সিকি চা চামচ, জয়ত্রি গুঁড়া সিকি চা চামচ, মরিচ বাটা ১ চা চামচ, এলাচ ২টি, দারুচিনি ৪ টুকরা, পোস্তদানা বাটা ১ চা চামচ, দই আদা কাপ, পিয়াজ বেরেস্তা আধা কাপ, মাওয়া ১ টেবিল চামচ, গোলাপজল ও কেওড়া ১ চা চামচ, লবণ ও চিনি স্বাদমতো, তেল ১ কাপ।

প্রণালী : কড়াইয়ে তেল দিয়ে তার মধ্যে শুকনা মরিচ ছেড়ে একটু ভেজে দইয়ের মধ্যে পিয়াজ বেরেস্তা, মাওয়া, চিনি বাদে সব দিয়ে ফেটে নিতে হবে। এবার মরিচের মধ্যে ঢেলে কষাতে হবে। মসলা কষানো হয়ে গেলে হাঁস দিয়ে একটু কষিয়ে আধালিটার পানি দিয়ে সেদ্ধ করতে হবে। যদি সেদ্ধ না হয় আবার আধা কাপ পানি দিয়ে সেদ্ধ করে পিয়াজ বেরেস্তার মধ্যে মাওয়া, চিনি দিয়ে মাখিয়ে হাঁসের মধ্যে ছাড়তে হবে এবং দমে রাখতে হবে আধাঘণ্টা। এবার পেটের ভেতর থেকে সব বের করে সার্ভিং ডিশে সুন্দর করে সাজিয়ে পরিবেশন করুন।

রেসিপিটি প্রকাশিত হয় ১৮ জানুয়ারি ২০১১

 
Leave a comment

Posted by চালু করুন ফেব্রুয়ারি 25, 2012 in মাংসের নানা পদ, হাঁস

 

হাঁসের মালাইকারি

উপকরণ: হাঁস ২টি, নারকেলের দুধ ৬ কাপ, টক দই ১ কাপ, মিষ্টি দই সিকি কাপ, গরুর কাঁচা দুধ ১ কাপ, পেঁয়াজকুচি ১ কাপ, পেঁয়াজবাটা আধা কাপ, আদাবাটা ৪ টেবিল চামচ, রসুনবাটা ২ টেবিল চামচ, জিরাবাটা ১ চা-চামচ, বাদামবাটা ২ টেবিল চামচ, পোস্তদানাবাটা ২ টেবিল চামচ, হলুদগুঁড়া ৮ চা-চামচ, মরিচগুঁড়া ১ চা-চামচ, গোলমরিচগুঁড়া ১ চা-চামচ, গরম মসলার গুঁড়া ১ চা-চামচ, জায়ফল-জয়ত্রী গুঁড়া আধা চা-চামচ, দারচিনি ৬ টুকরা, এলাচ ৬টি, লবঙ্গ ৬টি, তেজপাতা ৪টি, ঘি আধা কাপ, তেল পৌনে এক কাপ, লবণ পরিমাণমতো, কাঁচা মরিচ ৫-৬টি, বেরেস্তা আধা কাপ।

প্রণালি: হাঁস পরিষ্কার করে চামড়াসহ টুকরাগুলো ধুয়ে পানি ঝরিয়ে দুধ, হলুদ মাখিয়ে এক ঘণ্টা রাখতে হবে। তেল ও ঘি গরম করে তাতে পেঁয়াজ বাদামি রঙে ভেজে সব বাটা মসলা দিয়ে কষিয়ে মাংস দিয়ে কষাতে হবে। লবণ, দারচিনি, লবঙ্গ, এলাচ, তেজপাতা, মরিচ, গোলমরিচ, দই দিয়ে কিছুক্ষণ কষিয়ে ৫ কাপ নারকেলের দুধ ও ২ কাপ গরম পানি দিয়ে ঢেকে রান্না করতে হবে। মাংস সেদ্ধ না হলে আরও পানি দিতে হবে। মাংস সেদ্ধ হয়ে ঝোল কমে গেলে এক কাপ নারকেলের দুধ, বেরেস্তা, গরম মসলার গুঁড়া, জায়ফল-জয়ত্রী গুঁড়া, কাঁচা মরিচ দিয়ে অল্প আঁচে কিছুক্ষণ রেখে তেলের ওপর এলে মালাই দিয়ে নামাতে হবে। হাঁসের মাংসের মালাইকারি ছিটরুটি, নানরুটি, পরোটা, ভাত অথবা ভুনা খিচুড়ির সঙ্গে পরিবেশন করা যায়।

রেসিপিটি প্রকাশিত হয় ৩১ জানুয়ারি ২০১২

 
Leave a comment

Posted by চালু করুন ফেব্রুয়ারি 25, 2012 in মাংসের নানা পদ, হাঁস

 

হাঁসের কড়াই মাংস

উপকরণ: হাঁস দেড় কেজি ১টি, মটরশুঁটি ১ কাপ, টক দই আধা কাপ, পেঁয়াজকুচি ১ কাপ, পেঁয়াজবাটা সিকি কাপ, আদাবাটা ১ টেবিল-চামচ, রসুনবাটা ১ টেবিল-চামচ, জিরাবাটা ১ চা-চামচ, বাদামবাটা ১ টেবিল-চামচ, জায়ফল-জয়ত্রীবাটা আধা চা-চামচ, গোলমরিচ গুঁড়া ১ চা-চামচ, গরম মসলার গুঁড়া ১ চা-চামচ, মরিচ টালা গুঁড়া ১ চা-চামচ, তেজপাতা ২টি, দারচিনি ৪ টুকরা, এলাচ ৪টি, লবঙ্গ ৬টি, তেল পৌনে এক কাপ, গরুর কাঁচা দুধ আধা কাপ, হলুদগুঁড়া আধা চা-চামচ, লবণ পরিমাণমতো, টমেটো সস ৩ টেবিল-চামচ (জিরা আধা চা-চামচ+যোয়ান আধা চা-চামচ একসঙ্গে টেলে গুঁড়া করা), ঘি ২ টেবিল-চামচ, আদাকুচি ২ টেবিল-চামচ।

প্রণালি: হাঁস পরিষ্কার করে চামড়াসহ ছোট ছোট টুকরা করে ধুয়ে পানি ঝরিয়ে দুধ ও হলুদ দিয়ে মাখিয়ে ১ ঘণ্টা রাখতে হবে।
আধা কাপ তেল গরম করে সব বাটা মসলা কষিয়ে মাংস দিয়ে আবার কষাতে হবে। দই, লবণ, টমেটো সস, তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, জায়ফল, জয়ত্রী দিয়ে ভালো করে কষিয়ে গরম পানি দিয়ে ঢেকে রান্না করতে হবে। মাংস সেদ্ধ হয়ে ঝোল কমে গেলে নামাতে হবে।
লোহার কড়াই ৩০-৪০ মিনিট আগে চুলায় গরম করে রাখতে হবে। এতে বাকি তেল, ঘি, আদাকুচি, পেঁয়াজকুচি দিয়ে বেশি জ্বালে কিছুক্ষণ ভেজে মাংস দিয়ে ভুনতে হবে। মটরশুঁটি, গরম মসলার গুঁড়া, মরিচ টালা গুঁড়া, জিরা, জৈন গুঁড়া দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নামাতে হবে।
মসলাদার কড়াই মাংস নোনতা ভাপা পিঠা, ছিটরুটি, নানরুটি, পরোটা ও ভুনা খিচুড়ির সঙ্গে পরিবেশন করা যায়।

রেসিপিটি প্রকাশিত হয় ৩১ জানুয়ারি ২০১২

 
Leave a comment

Posted by চালু করুন ফেব্রুয়ারি 25, 2012 in মাংসের নানা পদ, হাঁস

 

হাঁসের চাপলি কাবাব

উপকরণ: হাঁসের মাংস ছোট করে কাটা দেড় কাপ, হাঁসের ডিম সেদ্ধ ২টি, পেঁয়াজ বেরেস্তা আধা কাপ, শুকনা মরিচ ভাজা গুঁড়া ১ চা-চামচ, গোলমরিচ গুঁড়া ১ চা-চামচ, জায়ফল-জয়ত্রী গুঁড়া সিকি চা-চামচ, গরম মসলা গুঁড়া আধা চা-চামচ, আদাবাটা আধা চা-চামচ, লেবুর রস ১ টেবিল-চামচ, লেবুর খোসা কুচি আধা চা-চামচ, ডার্ক সয়াসস ১ টেবিল-চামচ, লবণ স্বাদমতো, টোস্টের গুঁড়া ১ কাপ, হাঁসের ডিম ১টি, ঘি ১ টেবিল-চামচ।

প্রণালি: হাঁসের মাংসের কিমা সয়াসস মাখিয়ে ১ ঘণ্টা রাখতে হবে। সেদ্ধ ডিম কুচি করে নিতে হবে। এবার মাংসের কিমার সঙ্গে সব উপকরণ মাখিয়ে গোলাকার চ্যাপ্টা কাবাব তৈরি করে ননস্টিক ফ্রাইপ্যানে ডুবোতেলে ভেজে সস অথবা চাটনির সঙ্গে পরিবেশন করা যায়।

রেসিপিটি প্রকাশিত হয় ৩১ জানুয়ারি ২০১২

 
Leave a comment

Posted by চালু করুন ফেব্রুয়ারি 25, 2012 in নানা রকম কাবাব, মাংসের নানা পদ, হাঁস

 

হানি রোস্টেড ডাক

উপকরণ: হাঁস ২ কেজি ওজনের ১টি, মধু সিকি কাপ, সয়াসস ২ টেবিল-চামচ, উস্টারসস ২ টেবিল চামচ, ফিশ সস ২ টেবিল চামচ, টমেটো সস সিকি কাপ, সাদা সিরকা ২ টেবিল-চামচ, লাল সিরকা ২ টেবিল-চামচ, গোলমরিচ গুঁড়া ১ চা-চামচ, মরিচ টালা গুঁড়া আধা চা-চামচ, আদা মিহি কুচি ২ টেবিল-চামচ, রসুনকুচি ১ টেবিল-চামচ, পেঁয়াজকুচি সিকি কাপ, অলিভ অয়েল ২ টেবিল-চামচ, রোজমেরি আধা চা-চামচ, জায়ফল-জয়ত্রী গুঁড়া আধা চা-চামচ, পানি ২ কাপ, লবণ সামান্য স্বাদ বুঝে।

প্রণালি: হাঁসের চামড়া না ছাড়িয়ে মাথা ও গলা কেটে রেখে হাঁসের ভেতরের কলিজা ইত্যাদি সব বাদ দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে রাখতে হবে।
ওপরের সব উপকরণ ও হাঁসটিকে প্লাস্টিকের ব্যাগে অথবা পলিব্যাগে নিয়ে হাঁসের গায়ে, ভেতরে-বাইরে ভালো করে মিশিয়ে মাঝেমধ্যে ঝাঁকাতে হবে। এভাবে তিন-চার ঘণ্টা রাখতে হবে।
বড় হাঁড়িতে সব উপকরণ একসঙ্গে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে হবে। ভালোভাবে ফুটে উঠলে মৃদু আঁচে রান্না করতে হবে। কিছুক্ষণ পরপর হাঁস উল্টিয়ে দিতে হবে। শুকিয়ে গেলে চুলা বন্ধ করে দিতে হবে।
বেকিং ট্রেতে হাঁস রেখে প্রিহিটেড ওভেনে ২০০ ডিগ্রি সেন্টিগ্রেড তাপে ২০-২৫ মিনিট রাখতে হবে। হানি রোস্টেড ডাক নানরুটি ও পরোটা দিয়ে সেদ্ধ সবজি বা সালাদের সঙ্গে পরিবেশন করা যায়।

রেসিপিটি প্রকাশিত হয় ৩১ জানুয়ারি ২০১২

 
Leave a comment

Posted by চালু করুন ফেব্রুয়ারি 25, 2012 in মাংসের নানা পদ, হাঁস

 

হাঁসের আখনি পোলাও

উপকরণ:
ক. মাংস রান্না: হাড়সহ হাঁসের মাংস দেড় কেজি, পেঁয়াজবাটা ২ টেবিল-চামচ, আদাবাটা ১ টেবিল-চামচ, রসুনবাটা ১ চা-চামচ, টক দই ৩ টেবিল-চামচ, কাঁচা মরিচবাটা ১ চা-চামচ, আস্ত কাঁচা মরিচ ৬-৭টি, পেঁয়াজ কুচি ১ কাপ, গরম মসলার গুঁড়া ১ চা-চামচ, লবণ স্বাদমতো, তেল ১ কাপ, পানি (গরম) ১ কাপ।

খ. পোলাওয়ের জন্য: চাল ৫০০ গ্রাম, পেঁয়াজ বেরেস্তা ১ কাপ, ঘি ১ কাপ, মাওয়া (গুঁড়া করা) ১ কাপ, গুঁড়ো দুধ ১ কাপ, কিশমিশ ১ টেবিল-চামচ, বাদামকুচি ১ টেবিল-চামচ, আলুবোখারা ৫-৬টি, লবণ স্বাদমতো, সেদ্ধ ডিম ২টি।
গ. আখনি করা পানির জন্য: পানি দেড় লিটার, হাঁসের হাড় ৪-৫ টুকরা, শাহি জিরা আধা চা-চামচ, লবঙ্গ ৭-৮টি, এলাচ থেঁতো করা ৪-৫টি, গোলমরিচ ৮-১০টি, তেজপাতা ২টি, দারচিনি ২টি।

প্রণালি: হাঁসের মাংস পরিষ্কার করে কেটে ও ধুয়ে দই এবং বাটা সব মসলা মেখে ১ ঘণ্টা রাখুন। সসপ্যানে তেল দিয়ে পেঁয়াজ কুচি একটু ভেজে মাখানো হাঁসের মাংস দিয়ে ভালো করে কষিয়ে সেদ্ধ করতে হবে এবং মাংস অন্য একটি পাত্রে তুলে রাখতে হবে। অন্য আরেকটি সসপ্যানে আখনির পানির সব উপকরণ দিয়ে একসঙ্গে জ্বাল দিতে হবে। পানি কমে দেড় লিটার থেকে ১ লিটার হলে চুলা থেকে নামিয়ে ছেঁকে নিতে হবে।
চাল ধুয়ে পানি ঝরাতে হবে। হাঁসের মাংস রান্না করা সসপ্যানে দিন। তাতে আখনি করা ১ লিটার পানি দিয়ে তাতে গুঁড়ো দুধ, গরম মসলা ও চাল দিয়ে নাড়তে হবে। যেন সব দিকের চাল সমান তাপ পায়। চাল ফুটে উঠলে কিশমিশ, বাদামকুচি, আলুবোখারা, লবণ ও পেঁয়াজ বেরেস্তা দিয়ে ঢেকে দমে রাখতে হবে। ১০ মিনিট পর ঢাকনা খুলে মাওয়া, রান্না করা হাঁসের মাংস সাজিয়ে নিচ থেকে কিছু পোলাও দিয়ে ঢেকে আরও ১৫ মিনিট মৃদু আঁচে দমে রাখতে হবে। সেদ্ধ ডিম দিয়ে সাজিয়ে পরিবেশন করা যায় হাঁসের আখনি পোলাও।

রেসিপিটি প্রকাশিত হয় ৩০ নভেম্বর ২০১০

 
Leave a comment

Posted by চালু করুন অগাষ্ট 28, 2011 in ঈদের রান্না, চাল ডাল, পোলাও, হাঁস

 

পুরভরা হাঁস

উপকরণ: হাঁস (মাঝারি) ১টি, আদাবাটা ২ টেবিল-চামচ, রসুনবাটা ১ টেবিল-চামচ, পেঁয়াজবাটা ৪ টেবিল-চামচ, শাহি জিরাবাটা আধা চা-চামচ, জায়ফল-জয়ত্রিবাটা আধা চা-চামচ, গরম মসলার গুঁড়া ১ চা-চামচ, টমেটো সস ২ টেবিল-চামচ, দারচিনি ২ টুকরা, এলাচ ৪টি, লবঙ্গ ৫-৬টি, সাদা গোলমরিচের গুঁড়া আধা চা-চামচ, টক দই ১ কাপ, পেঁয়াজ কুচি ১ কাপ, তেজপাতা ২টি, চিনি ১ টেবিল-চামচ, কাঁচা মরিচ ৫-৬টি, কিশমিশ ১ টেবিল-চামচ, লবণ স্বাদমতো, তেল বা ঘি ১ কাপ (প্রয়োজনমতো)।

পুরের জন্য দরকার: শুকনো মরিচ ৪টি, বেরেস্তা ২ টেবিল-চামচ, জিরা ১ চা-চামচ, গোলমরিচ ৮-১০টি, লবঙ্গ ৪-৫টি, দারচিনি ২ টুকরা, এলাচ ২টি। সব উপকরণ ২ চা-চামচ তেল দিয়ে ভেজে এবং বেটে একটি পেস্ট তৈরি করে নিতে হবে। এ ছাড়া আস্ত পেঁয়াজ ৫-৬টি, সেদ্ধ ডিম ১টি। পুরের সব উপকরণ হাঁসের পেটে ঠেসে ঠেসে ভরে দিয়ে সুতা দিয়ে বেঁধে দিতে হবে।

প্রণালি: আস্ত হাঁস একটু কেঁচে নিয়ে লবণ, টক দই ও সামান্য জাফরান রং মাখিয়ে ঘি দিয়ে হালকা বাদামি করে ভাজতে হবে এবং হাঁসটি অন্য একটি পাত্রে তুলে রাখতে হবে। সসপ্যানে আরও কিছু ঘি দিয়ে সব বাটা মসলা কষে পরিমাণমতো পানি দিতে হবে। পানি ফুটে এলে তাতে ভাজা হাঁসটি দিয়ে সেদ্ধ করতে হবে। মাংস সেদ্ধ হয়ে পানি শুকিয়ে এলে কাঁচা মরিচ, কিশমিশ, বাদামকুচি দিয়ে গোলাপ ও কেওড়াজলে জাফরান দিয়ে মিশিয়ে দিতে হবে। বাকি সব উপকরণ দিয়ে ১৫ মিনিট ঢেকে দমে রাখতে হবে। সবশেষে পেঁয়াজ বেরেস্তা দিয়ে সুতার বাঁধন খুলে পরিবেশন করা যায় মজাদার পুরভরা হাঁসের রোস্ট।

রেসিপিটি প্রকাশিত হয় ৩০ নভেম্বর ২০১০

 
Leave a comment

Posted by চালু করুন অগাষ্ট 24, 2011 in মাংসের নানা পদ, হাঁস

 
 
Follow

Get every new post delivered to your Inbox.

Join 219 other followers