RSS

Category Archives: নানা রকম কাবাব

ঝলসানো ইলিশ কাবাব

যা লাগবে : আস্ত ইলিশ একটি, আদা বাটা আধা চা চামচ, রসুন বাটা আধা চা চামচ, পুদিনা পাতা বাটা ১ চা চামচ, সাদা সরষে বাটা আধা চা চামচ, টকদই আধা কাপ, পেঁপে বাটা ১ টেবিল চামচ, পেঁয়াজ বাটা আধা কাপ, গরমমশলা বাটা ১ টেবিল চামচ, সরিষা তেল পরিমাণমতো, কাঠকয়লা পরিমাণমত, গুঁড়ো মরিচ ১ টেবিল চামচ।

যেভাবে করবেন : প্রথমে মাছের আঁশ ছাড়িয়ে নিন। তারপর মাছের পেটের দিকটা চিরে ভেতর থেকে সব নাড়িভুঁড়ি বের করে ভালো করে মাছ ধুয়ে পরিষ্কার করে রাখুন। এখন মাছের গা ছুরি দিয়ে হালকা করে চিরে নিন। তারপর তাতে একে একে বাটা ও গুঁড়া মশলা, লবণ, তেল এবং টকদই ভালো করে মাখিয়ে প্রায় ২-৩ ঘণ্টা রেখে দিন। এরপর একটি কাবাবের চুলায় কয়লা জ্বালিয়ে অল্প আগুনে ওপরে একটি কাবাবের ট্রেতে মাছ রেখে এপিঠ ওপিঠ করে ঝলসিয়ে তৈরি করুন ঝলসানো ইলিশ কাবাব।

রেসিপিটি প্রকাশিত হয় ২৪ এপ্রিল ২০১২

 

কোরাল মাছের ঝুরি কাবাব

যা লাগবে : কোরাল মাছের টুকরা ৩টি, আদা বাটা আধা চা চামচ, রসুন বাটা আধা চা চামচ, কাবাবের গুঁড়া মশলা ১ টেবিল চামচ, পেঁয়াজ মিহি করে কাটা ১ কাপ, লবণ স্বাদ অনুযায়ী, তেল পরিমাণমতো, লেবুর রস ১ টেবিল চামচ, কাঁচামরিচ ও ধনেপাতা কুচি ১ টেবিল চামচ, পানি ও তেল পরিমাণমতো।

যেভাবে করবেন : প্রথমে কোরাল মাছের টুকরো ভালো করে ধুয়ে নিন। তারপর তাতে পরিমাণমতো পানি, আদা বাটা, রসুন বাটা ও লবণ দিয়ে সিদ্ধ করে পানি ফেলে দিন। তারপর মাছের কাঁটা হাত দিয়ে বেছে তাতে লেবুর রস, কাঁচামরিচ ও ধনেপাতা কুচি এবং গরমমশলা গুঁড়া ও সামান্য লবণ মাখিয়ে রাখুন। একটি ফ্রাইপ্যানে তেল গরম করে তাতে মিহি করা পেঁয়াজ ভেজে কোরাল মাছ দিয়ে ঝুরির মতো করে ভেজে ডিশে সাজিয়ে পরিবেশন করুন।

রেসিপিটি প্রকাশিত হয় ২৪ এপ্রিল ২০১২

 

চিতল মাছের কোপ্তা কাবাব

যা লাগবে : চিতল মাছের পিঠের দিকের অংশ ৩০০ গ্রাম, ২ পিস পাউরুটি (অল্প তরল দুধে ভিজিয়ে রাখুন), বিট লবণ সামান্য, সাধারণ লবণ স্বাদ অনুযায়ী, লাল মরিচের গুঁড়া ১ চা চামচ, আদা বাটা আধা চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, পেঁয়াজ মিহি করে কাটা আধা কাপ, ধনেপাতা ও কাঁচামরিচ কুচি ১ টেবিল চামচ, টকদই ২ টেবিল চামচ, সরিষা তেল পরিমাণমতো কাবাব মাখানোর জন্য, গরম মসলা  গুঁড়া ১ চা চামচ (কাবাবের জন্য), ভাজার জন্য তেল।

যেভাবে করবেন : প্রথমে মাছের টুকরোগুলো ভালো করে ধুয়ে পাটায় ছেঁচে কাঁটা বেছে নিন। তারপর ব্লেন্ডারে পেঁয়াজ, ধনেপাতা, কাঁচামরিচ ও সরিষা তেল বাদে বাকি সব উপকরণসহ চিতল মাছ মিহি করে বেটে নিন। এরপর পরিমাণমতো তেলে মিহি করা পেঁয়াজ বেরেস্তা করে তুলে রাখুন। এখন একটি বাটিতে বাটা মাছের সঙ্গে বেরেস্তা পেঁয়াজ, সরিষার তেল এবং ধনেপাতা ও কাঁচামরিচ কুচি ভালো করে হাত দিয়ে মাখিয়ে গোল গোল করে গরম গরম ডুবন্ত তেলে ভেজে সাজিয়ে পরিবেশন করুন চিতল মাছের কোপ্তা কাবাব।

রেসিপিটি প্রকাশিত হয় ২৪ এপ্রিল ২০১২

 

রুই মাছের কাঠি কাবাব

যা লাগবে : রুই মাছের পেটি বা বুকের দিকের অংশ ৩০০ গ্রাম, টকদই আধা কাপ, লবণ স্বাদ অনুযায়ী, পুদিনা, ধনেপাতা ও কাঁচামরিচ বাটা ১ টেবিল চামচ (সব মিলিয়ে), লাল মরিচের গুঁড়া ১ চা চামচ, গরমমশলা গুঁড়া কাবাবের জন্য ১ টেবিল চামচ, অল্প সরিষার তেল মাখানোর জন্য, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, কিউব করে কাটা গাজর ১টি, টমেটো ১টি, পেঁয়াজ ৩টি, আস্ত কাঁচামরিচ ৮-১০টি, ক্যাপসিকাম ১টি, লবণ স্বাদ অনুযায়ী এবং কাবাব কাঠি ৫-৬টি।

যেভাবে করবেন : প্রথমে রুই মাছের পেটি ধুয়ে পরিষ্কার করে ২ সেমি. চৌকা করে কাটুন। তারপর তাতে সব উপকরণ মাখিয়ে প্রায় ১ ঘণ্টা ফ্রিজে রেখে দিন, পেঁয়াজ, কাঁচামরিচ ও অন্য সবজি বাদে। এখন কাবাব কাঠিতে মাছের সঙ্গে অন্য সবজি পর্যায়ক্রমে গেঁথে নিয়ে ননস্টিক ফ্রাইপ্যানে অল্প জ্বালে সেঁকে তুলুন। তৈরি হয়ে গেল রুই মাছের কাঠি কাবাব।

রেসিপিটি প্রকাশিত হয় ২৪ এপ্রিল ২০১২

 
 

লোহারি কাবাব

উপকরণ
মুরগির মাংস ৮০০ গ্রাম, কাশ্মীরি রেড চিলি পাউডার ১ চা চামচ, লেবুর রস ১ চামচ, লবণ স্বাদমতো, মাঝারি আকারের পেঁয়াজ ২টি, চাট মসলা আধা চা চামচ।

ম্যারিনেটের জন্য
দই ১ কাপ, আদা বাটা ২ টেবিল চামচ, রসুন বাটা ২ টেবিল চামচ, কাশ্মীরি রেড চিলি পাউডার ১ চা চামচ, লবণ স্বাদমতো, গরম মসলা আধা চা চামচ, সরিষা তেল ২ চা চামচ, বাটার সামান্য।

যেভাবে তৈরি করবেন
১. মুরগির বুকের ও পায়ের মাংস টুকরো করে ধুয়ে পরিষ্কার করে নিন। এরপর মাংসের মধ্যে কাশ্মীরি রেড চিলি পাউডার, লেবুর রস ও লবণ মেখে ১ ঘণ্টা ফ্রিজে রেখে দিন।
২. পেঁয়াজ গোল গোল করে কেটে ছাড়িয়ে নিন।
৩. মাংসে দই মিশিয়ে কাপড়ে বেঁধে ১৫ থেকে ২০ মিনিট ঝুলিয়ে রাখুন। এরপর আদা বাটা, রসুন বাটা, কাশ্মীরি রেড চিলি পাউডার, লবণ, লেবুর রস, গরম মসলা, সরিষার তেল মাখিয়ে নিন।
৫. ম্যারিনেটের জন্য ফ্রিজে তিন থেকে চার ঘণ্টা রেখে দিন। ফ্রিজ থেকে বের করে ওভেনে ২০০ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ১০ থেকে ১২ মিনিট রান্না করুন।
৭. ওভেন থেকে বের করে অপর পাশ উল্টিয়ে একটু বাটার দিয়ে আবার ৪ মিনিট রান্না করুন।
৮. চাট মসলা, পেঁয়াজ টুকরা ও লেবুর টুকরা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন লোহারি কাবাব।

রেসিপিটি প্রকাশিত হয় ৩০ এপ্রিল ২০১২

 

শিক কাবাব

উপকরণ : মাংস ১ কেজি, আদা বাটা ২ টেবিল চামচ, রসুন বাটা ১ চা চামচ, ধনেবাটা ১ চা চামচ, জিরা বাটা ১ চা চামচ, পেঁপে বাটা ২ টেবিল চামচ, কাঠবাদাম পেস্ট ২ টেবিল চামচ, সরিষা গুঁড়া ১ টেবিল চামচ, লেবুর রস ২ টেবিল চামচ, মরিচ গুঁড়া ১ টেবিল চামচ, সব মেশানো গরম মসলা ১ টেবিল চামচ, লবণ পরিমাণমতো, সরিষার তেল কোয়ার্টার কাপ, নারিকেল বাটা ২ টেবিল চামচ।

প্রস্তুত প্রণালি : প্রথমে মাংসগুলো চিকন ফিতার মতো পাতলা করে কেটে হেমার দিয়ে একটু থেঁতলে নিন। সব উপকরণ একসঙ্গে মেখে ৩-৪ ঘণ্টা রেখে দিন। এবার কাঠিতে গেঁথে ওভেনে বেক করুন। মাঝে দ্বিতীয়বার মসলা মাখানো পানি কাবাবের ওপর ব্রাশ করে দিন। ওভেন থেকে বের করে সরিষার তেল মাখিয়ে চুলার আঁচে ঝলসে নিন। হয়ে গেলে নান রুটি দিয়ে পরিবেশন করুন।

রেসিপিটি প্রকাশিত হয় ২৩ নভেম্বর ২০১০

 

হাঁসের চাপলি কাবাব

উপকরণ: হাঁসের মাংস ছোট করে কাটা দেড় কাপ, হাঁসের ডিম সেদ্ধ ২টি, পেঁয়াজ বেরেস্তা আধা কাপ, শুকনা মরিচ ভাজা গুঁড়া ১ চা-চামচ, গোলমরিচ গুঁড়া ১ চা-চামচ, জায়ফল-জয়ত্রী গুঁড়া সিকি চা-চামচ, গরম মসলা গুঁড়া আধা চা-চামচ, আদাবাটা আধা চা-চামচ, লেবুর রস ১ টেবিল-চামচ, লেবুর খোসা কুচি আধা চা-চামচ, ডার্ক সয়াসস ১ টেবিল-চামচ, লবণ স্বাদমতো, টোস্টের গুঁড়া ১ কাপ, হাঁসের ডিম ১টি, ঘি ১ টেবিল-চামচ।

প্রণালি: হাঁসের মাংসের কিমা সয়াসস মাখিয়ে ১ ঘণ্টা রাখতে হবে। সেদ্ধ ডিম কুচি করে নিতে হবে। এবার মাংসের কিমার সঙ্গে সব উপকরণ মাখিয়ে গোলাকার চ্যাপ্টা কাবাব তৈরি করে ননস্টিক ফ্রাইপ্যানে ডুবোতেলে ভেজে সস অথবা চাটনির সঙ্গে পরিবেশন করা যায়।

রেসিপিটি প্রকাশিত হয় ৩১ জানুয়ারি ২০১২

 
Leave a comment

Posted by চালু করুন ফেব্রুয়ারি 25, 2012 in নানা রকম কাবাব, মাংসের নানা পদ, হাঁস

 

মচমচে রুই কাবাব

উপকরণ : রুই মাছ ৫০০ গ্রাম, ভিনেগার ১ টেবিল চামচ, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, গরম মসলা গুঁড়া ১ চা চামচ, লবণ স্বাদ অনুযায়ী, ধনে পাতা ও কাঁচামরিচ কুচি ২ টেবিল চামচ, বেসন ২ টেবিল চামচ, চালের গুঁড়া আধা কাপ, কর্নফ্লাওয়ার ২ টেবিল চামচ, ময়দা ২ টেবিল চামচ, চাট মসলা ১ চা চামচ, লবণ স্বাদ অনুযায়ী এবং তেল ভাজার জন্য। বেকিং পাউডার আধা চা চামচ।

প্রস্তুত প্রণালি : প্রথমে মাছের টুকরোগুলো ভালো করে ধুয়ে লবণ-পানি ও ভিনেগার দিয়ে সিদ্ধ করে কাঁটা বেছে কিমা তৈরি করতে হবে। এরপর তৈরি করা কিমায় একে একে সব বাটা, কাটা ও গুঁড়া মসলা এবং স্বাদ অনুযায়ী লবণ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে (বেসন, ময়দা, চালের গুঁড়া ও কর্নফ্লাওয়ার ছাড়া)। তৈরি করা মিশ্রণ থেকে ছোট ছোট বল নিয়ে চ্যাপটা আকার দিয়ে গড়ে নিতে হবে। এখন একটি বাটিতে বেসন, ময়দা, চালের গুঁড়া ও কর্নফ্লাওয়ার, বেকিং পাউডার, গুঁড়া মসলা স্বাদ অনুযায়ী লবণ ও পরিমাণমতো পানি দিয়ে গুলে নিতে হবে। তারপর এ গোলায় মাছের কাবাবগুলো ডুবিয়ে গরম গরম তেলে ভেজে কিচেন টিস্যুতে তুলে ওপরে চাট মসলা ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন মচমচে রুই কাবাব।

রেসিপিটি প্রকাশিত হয় ৮ ফেব্রুয়ারি ২০১২

 
Leave a comment

Posted by চালু করুন ফেব্রুয়ারি 19, 2012 in নানা রকম কাবাব, মাছ, রুই মাছ

 

হাড়িয়া কাবাব

উপকরণ : মাংস হাড় ছাড়া আধা কেজি, পেঁয়াজ বাটা আধা কাপ, দই ৩ টেবিল চামচ, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা আধা চা চামচ, মরিচ গুঁড়া ১ চা চামচ, ধনে গুঁড়া ১ চা চামচ, জিরা আধা চা চামচ, গোলমরিচ গুঁড়া আধা চা চামচ, জয়ফল গুঁড়া আধা চা চামচ, জয়ত্রী গুঁড়া সামান্য, গরম মসলা গুঁড়া আধা চা চামচ, তেল আধাকাপ, লবণ পরিমাণমতো।

প্রস্তুত প্রণালি : মাংস স্লাইস করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিন। এবার একটু ছেঁচে নিন। মাংসে দই, আদা, রসুন, লবণ দিয়ে খুব ভালো করে মাংস ঢেলে দিন। মাংস ভেজে ২ কাপ পানি দিয়ে ঢেকে মৃদু অল্প আঁচে রান্না করুন। মাংস সিদ্ধ হয়ে পানি শুকালে ওপরে সব গুঁড়া মসলা দিয়ে নেড়ে কিছুক্ষণ দমে বসান। তেল ওপরে উঠলে নামিয়ে নিন।

রেসিপিটি প্রকাশিত হয় ২৩ নভেম্বর ২০১০

 

মাংসের কাবাব

উপকরণ : মাংসের কিমা ২ কাপ, পেঁয়াজ কুচি ১ কাপ (বেরেস্তা), কাঁচামরিচ কুচি ৪-৫টি, ধনেপাতা কুচি ১ টেবিল চামচ, লবণ পরিমাণমতো, কাবাব মসলা ১ চা চামচ, ডালবাটা আধা কাপ (সিদ্ধ), তেল ভাজার জন্য, ডিম প্রয়োজনমতো, বিস্কুটের গুঁড়া সামান্য।

প্রস্তুত প্রণালি : কিমা মাংস পেঁয়াজ কুচি ও লবণ দিয়ে সিদ্ধ করে নিন। এবার কাঁচামরিচ কুচি, ধনে পাতা কুচি, কাবাব মসলা ও ডাল মাখিয়ে কাবাবের আকার তৈরি করে ডিমে চুবিয়ে বিস্কুটের গুঁড়ায় গড়িয়ে ডুবো তেলে ভেজে নিন।

রেসিপিটি প্রকাশিত হয় ৯ নভেম্বর ২০১০

 
 
Follow

Get every new post delivered to your Inbox.

Join 219 other followers